জীববৈচিত্র্য রক্ষায় সেন্টমার্টিন দ্বীপে জেলেদের মাঝে সচেতনতামুলক বিল বোর্ড স্থাপন করা হয়।


জয়নুল আবেদীন (প্রতিনিধি সেন্টমার্টিন) প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
জীববৈচিত্র্য রক্ষায় সেন্টমার্টিন দ্বীপে জেলেদের মাঝে সচেতনতামুলক বিল বোর্ড স্থাপন করা হয়।

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেলে সম্প্রদায়ের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে সেন্টমার্টিন দ্বীপের বিভিন্ন স্থানে সচেতনতামূলক বোর্ড স্থাপন করা হয়েছে। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট ও সেন্টমার্টিন লাইব্রেরি অ্যান্ড কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১১টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, সামুদ্রিক কাছিমকে ঘিরে প্রচলিত কিছু কুসংস্কারের কারণে জেলে সম্প্রদায়ের একটি অংশ জালে কাছিম আটকা পড়াকে অমঙ্গলের লক্ষণ হিসেবে মনে করেন এবং অনেক সময় তাদের প্রতি অমানবিক আচরণ করেন।

এ বাস্তবতা বিবেচনায় কর্মসূচির মাধ্যমে জেলে ও মৎস্য আহরণকারীদের প্রতি আহ্বান জানানো হয়, জালে আটকা পড়া সামুদ্রিক কাছিমকে নিরাপদে সাগরে অবমুক্ত করে তাদের জীবন রক্ষায় মানবিক ভূমিকা রাখতে।

সচেতনতামূলক বোর্ডগুলোতে লেখা রয়েছে—‘সামুদ্রিক কাছিম জালে আটকানো অলক্ষণ নয়, বরং এর জীবনের প্রতি মানবিক হওয়া সকলের নৈতিক দায়িত্ব।’ পাশাপাশি প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সাগরে না ফেলা এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

ডাব্লিউবিবি ট্রাস্টের সহায়তায় কর্মসূচিটি পরিচালনা করেন সেন্টমার্টিন লাইব্রেরি অ্যান্ড কালচারাল সেন্টারের পৃষ্ঠপোষক জয়নুল আবেদিন।

এ সময় সেন্টমার্টিন দ্বীপ ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুহাম্মদ আজিম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ স্থানীয় মাঝি-মাল্লা, জেলে ও মৎস্য আহরণকারীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামুদ্রিক কাছিমসহ সেন্টমার্টিনের জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।