ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মো. কাউসার মিয়া (৩২) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার মিয়া নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর এলাকার মৃত মুতি মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপচালক কাউসার মিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার অন্তত দুই যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষের তীব্রতায় শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের নিচু স্থানে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

ওসি শুভ রঞ্জন চাকমা আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

তবে দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।