মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে


টুঙ্গিপাড়া প্রতিনিধি, জসিম মুন্সী  প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ গাজী মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৪ জুন) টুঙ্গিপাড়া উপজেলার ২নং বর্ণি ইউনিয়ন সংলগ্ন মাঠে স্থানীয় জনগণ ও যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদ গাজী বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদকাসক্তদের ঘৃণা না করে সচেতনতা ও পরামর্শের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করলে মাদকের বিস্তার অনেকাংশে কমানো সম্ভব।

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে। মাদকের মতো ধ্বংসাত্মক নেশা থেকে দূরে থেকে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, তাহলেই একটি মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, যুবসমাজ এবং শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে সবাই মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।