কায়রোতে শাহ মোহাম্মাদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


আবদুর রহমান,ছারছীনা প্রকাশের সময় : জুন ১৯, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
কায়রোতে শাহ মোহাম্মাদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মিশরের রাজধানী কায়রোতে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত শাহ মোহাম্মাদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছারছীনা দারুসসুন্নাত সোসাইটি (কায়রো, মিশর) শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুন) বাদ মাগরিব কায়রোর গ্র্যান্ড কনফারেন্স হল বুর্জ আল-তাতবিকিয়্যিনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাক-ভারত উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক মারকাজ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)। তিনি অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

ছারছীনা দারুসসুন্নাত সোসাইটি মিশরের আহ্বায়ক সাইমুম আল-মাহদী আল-আযহারীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মিশরের ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব ফাদিলাতুশ শাইখ ক্বারী মোহাম্মাদ সাইদ। পরে শুভেচ্ছা বক্তব্য দেন সাইফুর রহমান আল-আযহারী।

অনুষ্ঠানে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশের ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা হযরত পীর ছাহেবকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান। সেমিনারে বক্তারা বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় ছারছীনা শরীফের খেদমত, শাহ মোহাম্মাদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবনাদর্শ, তাজদিদি মিশনের কার্যক্রম, আধ্যাত্মিক অবদান এবং বাংলাদেশের ইসলামী শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০টি দেশের ছাত্র প্রতিনিধি, রুয়াসাউল ইত্তেহাদ, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, One Ummah Foundation, আল-আযহার স্টুডেন্ট ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শতাব্দীজুড়ে ছারছীনা দরবার শরীফ দ্বীনি শিক্ষা, তাসাউফ চর্চা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইত্তেহাদুল আরবের প্রেসিডেন্ট ড. মোহাম্মাদ মাখঝুমি ছারছীনা দরবার শরীফের অবদানকে মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ছারছীনা দরবার শরীফের বিশ্বব্যাপী ত্রাণ সংস্থা হেমায়েতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মিশরে অবস্থানরত উদ্বাস্তু ও নিপীড়িত ফিলিস্তিনি ২০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

সমাপনী বক্তব্যে পীর ছাহেব হুজুর কেবলা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা, আমল-আখলাক, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সুন্নতে নববীর আদর্শে জীবন গঠনের আহ্বান জানান। তিনি মুসলিম উম্মাহর ঐক্য ও সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। পরে ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।