বরগুনা সদরে প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফার ওপর সশস্ত্র হামলা


বরগুনা জেলা প্রতিনিধি, জাকির হোসেন  প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
বরগুনা সদরে প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফার ওপর সশস্ত্র হামলা

বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফার ওপর দেশীয় অস্ত্র দিয়ে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন, ২০২৬) সন্ধ্যায় এ হামলায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্ট একটি গ্রুপের ৭–৮ জন সদস্য রামদা, ছেনা ও বগিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বরগুনা সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত একটি চক্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এ হামলার ঘটনা ঘটে।

বরগুনা সদর থানার ওসি জানান, ওই চক্রের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে পূর্বেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার পর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং স্থানীয়দের ধাওয়ায় পাল্টা সহিংসতার ঘটনা ঘটে।

এ সময় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় ও ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। আহত আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।