গলাচিপা পৌর এলাকার সদর রোডে ৪ দোকানে দুধর্ষ চুরি


আনোয়ার হোসেন, গলাচিপা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
গলাচিপা পৌর এলাকার সদর রোডে ৪ দোকানে দুধর্ষ চুরি

পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার সদর রোডে শাটার ভেঙে কাপড়ের দোকানসহ চারটি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র নগদ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। ঘটনায় গলাচিপা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে পৌর এলাকার সদর রোড, কালিবাড়ি রোড ও থানা রোড এলাকায় একযোগে চারটি দোকানে চুরির ঘটনা ঘটে। চুরির শিকার দোকানগুলো হলো সদর রোডের প্রিয়াংকা ক্লথ স্টোর, কালিবাড়ি রোডের জয় স্টোর অ্যান্ড বড়শি ঘর, খেয়াঘাট এলাকার হাবিব স্টোর এবং থানা মসজিদ সংলগ্ন শংকরের পানের দোকান।

প্রিয়াংকা ক্লথ স্টোরের মালিক ববিতা রাণী জানান, সকালে দোকান খুলতে গিয়ে তারা দেখতে পান শাটারের তালা ভাঙা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে দোকানের পেছনে রাখা থ্রি-পিসসহ বিভিন্ন কাপড়ের বড় অংশ চুরি হয়ে যায়। তার হিসাবে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

দোকান কর্মচারী আনন্দ দেবনাথ জানান, চোরচক্র লুঙ্গি, শাড়ি, থ্রি-পিস, নগদ টাকা ও একটি বাটন মোবাইল ফোন নিয়ে গেছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঁচ সদস্যের একটি চোরদল দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ক্যাশ কাউন্টার থেকে টাকা ও কাপড় নিয়ে টুকরি ও ব্যাগে করে হেঁটে স্থান ত্যাগ করে।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি জানান। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা।