ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজে মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকী পালিত


পিরোজপুর জেলা প্রতিনিধি, আল হেলাল প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজে মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকী পালিত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজে দেশের খ্যাতিমান সাংবাদিক, রাজনীতিবিদ ও সংবাদপত্র ব্যক্তিত্ব তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনায়েত করিমের সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদের সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মানিক মিয়ার বর্ণাঢ্য কর্মজীবন, সাংবাদিকতায় তাঁর অসামান্য অবদান এবং দেশের প্রতি তাঁর নিবেদিত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক লতিফা নাসরিন, খলিলুর রহমান, আবুল বাশার মৃধা, মাহবুব হোসেন, জাহিদ হোসেন মুরাদ, ওসমা গনি, অমিতা কর্মকার এবং রেশমা আক্তার। বক্তারা বলেন, মানিক মিয়া ছিলেন উপমহাদেশের একজন নির্ভীক সাংবাদিক ও জননেতা। তাঁর লেখনী ও নেতৃত্ব বাঙালির অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মানিক মিয়ার আদর্শ, দেশপ্রেম ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে তাঁর অবদান যথাযথ মূল্যায়ন এবং তাঁর জীবন ও কর্মকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মরহুম মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক নুরুল হক।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মানিক মিয়ার আদর্শ অনুসরণের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।