পটুয়াখালী পৌরসভায় কুঁড়ির খাল এ পরিচ্ছন্নতা অভিযান এলাকাবাসীর সন্তুষ্টি


মহাম্মাদ রাকিব , পটুয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
পটুয়াখালী পৌরসভায় কুঁড়ির খাল এ পরিচ্ছন্নতা অভিযান এলাকাবাসীর সন্তুষ্টি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহের প্রতি শনিবার পরিচালিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে স্বাধীনতা সড়কের ঐতিহ্যবাহী ‘কুঁড়ির খাল’-এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন। মোঃ জুয়েল রানা-এর নির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমে খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

দীর্ঘদিন ধরে স্থানীয় ভূমিদস্যুদের দখল এবং আবর্জনার স্তূপে পরিণত হওয়ায় খালটি পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে উঠেছিল। খালের দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছিল আশপাশের বাসিন্দারা। বিশেষ করে পশ্চিম টাউন কালিকাপুর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই সমস্যার ভোগান্তি পোহাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, “দীর্ঘদিন ধরে খালের বর্জ্যের দুর্গন্ধে এই রাস্তা দিয়ে হাঁটা যেত না। মশার উপদ্রবে দিনের বেলাতেও ঘরে থাকা দায় ছিল। এই অভিযানের ফলে এলাকাটি এখন অনেকটা বসবাসের উপযোগী হয়েছে।”

এ উদ্যোগের জন্য এলাকাবাসী ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং পৌর প্রশাসক মোঃ জুয়েল রানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তবে স্থানীয়দের মতে, খালটির পরিধি বড় হওয়ায় স্বল্প পরিসরের এ অভিযানে সব আবর্জনা পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। তারা দ্রুত আরও বেশি জনবল নিয়ে পুনরায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং স্থায়ী সমাধানের জন্য খালটি পুনঃখননের দাবি জানিয়েছেন।

এলাকাবাসী আশা প্রকাশ করে বলেন, বর্তমান জেলা প্রশাসন ও পৌর প্রশাসন পরিবেশ রক্ষা এবং স্থানীয় কৃষকদের সুবিধার্থে খালটির পুনঃখননে কার্যকর উদ্যোগ নেবে।