
শিশু শিক্ষার্থী রামিসা হত্যার বিচার এবং সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপা-এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বেলা ১১টায় গলাচিপা সরকারি কলেজ মাঠের পশ্চিম পাশে গলাচিপা দারুল কুরআন নুরানী মাদরাসা-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসার মর্মান্তিক হত্যাকাণ্ড পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। তারা নারী ও শিশুদের ওপর সহিংসতা, ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনার ক্রমবর্ধমান প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। সমাবেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের দ্রুত বিচার কার্যকর করা এবং সমাজে মানবিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী উম্মে তাইয়েবা প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি পাঠ করেন। চিঠিতে তিনি লেখেন, “আজ আমার বুকটা কান্নায় ফেটে যাচ্ছে। আমার মতোই ছোট নিষ্পাপ রামিসাকে আমাদের মাঝ থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে।” চিঠিতে আরও বলা হয়, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো আমাদের দেশের সব শিশুর অভিভাবক। আমরা শুধু নিরাপদে বাঁচতে চাই।”
শিক্ষার্থীরা চিঠিতে রামিসা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, “এমন কঠোর শাস্তি দিন, যেন আর কোনো অপরাধী কোনো শিশুর দিকে হাত বাড়ানোর সাহস না পায়।” শেষে অংশগ্রহণকারীরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :