গলাচিপায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সেমিনার


গলাচিপা প্রতিনিধি, আনোয়ার হোসেন  প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
গলাচিপায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সেমিনার

পটুয়াখালীর গলাচিপায় “বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ফেইজ” বিষয়ে একটি অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসকের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. অলিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ, রূপালী ব্যাংক গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইয়ুমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর মধ্যে কামার, কুমার, নাপিত, লোকজ শিল্পী, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী, কাঁসা-পিতল কারিগর, জুতা মেরামতকারী, নকশি কাঁথা ও শীতল পাটি প্রস্তুতকারীরা দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় জীবনযাপন করছেন। তারা বলেন, এসব কারিগর শ্রেণির মানুষরা ঐতিহ্যবাহী পেশায় নিয়োজিত থাকলেও উপযুক্ত বাজারজাতকরণ ব্যবস্থা না থাকায় অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

অনেক ক্ষেত্রে জীবিকার অনিশ্চয়তায় তারা পৈতৃক পেশা ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছেন বলেও উল্লেখ করা হয়। বক্তারা আরও বলেন, সরকার এসব প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যাতে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটে এবং তারা টেকসইভাবে নিজেদের পেশায় টিকে থাকতে পারেন।

সেমিনারে অংশগ্রহণকারীরা প্রকল্পের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, বাজার সংযোগ এবং আর্থিক সহায়তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।