নাজিরপুরে অবৈধ বেকারি কারখানায় অভিযান


আবু সাঈদ শেখ, নাজিরপুর উপজেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
নাজিরপুরে অবৈধ বেকারি কারখানায়  অভিযান

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অনুমোদন ছাড়া বেকারি পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে একটি বেকারিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেকারির খাদ্যপণ্য জব্দ ও বিনষ্ট করা হয়।

শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর এলাকায় অবস্থিত তৌহিদ বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী। এ সময় নাজিরপুর থানার এএসআই রাজীবের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আইন অনুযায়ী একটি বেকারি পরিচালনার জন্য বিএসটিআই অনুমোদন, স্যানিটারি লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন অনুমোদনের প্রয়োজন হয়। তবে তৌহিদ বেকারি এসব প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল।

অভিযানে দেখা যায়, বেকারিটির পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। মেঝেতে ছড়িয়ে ছিল ময়লা-আবর্জনা, ব্যবহৃত তেল ও খাদ্য তৈরির বিভিন্ন সরঞ্জাম। এছাড়া স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই খোলা হাতে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল।

এ অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বেকারিতে থাকা বিভিন্ন খাদ্যপণ্য জব্দ ও বিনষ্ট করা হয়। এছাড়া বেকারির অন্যান্য মালামাল স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে বলে জানায় প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।