
বরিশালের চরমোনাই খালের মোহনায় মেহেন্দিগঞ্জগামী একটি মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) ভোররাত আনুমানিক ৪টার দিকে “পাতারহাট পরিবহন” নামের ট্রলারটিতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের দাবি, একদল ডাকাত জেলে পরিচয়ে ট্রলারে উঠে প্রথমে সন্দেহ এড়ায়। পরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ট্রলারের লোকজনকে জিম্মি করে মারধর চালায়। এ সময় তারা ট্রলারে থাকা নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
জানা গেছে, শাহজাহান মাঝির মালিকানাধীন ট্রলারটি বরিশাল থেকে তেল, চিনি, আটা ও বিভিন্ন মুদি পণ্য নিয়ে পাতারহাটের উদ্দেশ্যে যাচ্ছিল। ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ট্রলারটিতে প্রায় ৫০ লাখ টাকার পণ্যসামগ্রী ছিল। তবে ডাকাতরা মালামালে হাত না দিয়ে শুধুমাত্র নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর নৌপথে চলাচলকারী ব্যবসায়ী ও ট্রলারচালকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা নৌপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নিয়মিত টহল নিশ্চিত এবং জড়িত ডাকাতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :