
গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে ঝালকাঠি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রাজাপুর উপজেলার রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত অর্ধবার্ষিক কার্যক্রম মূল্যায়নে এই সাফল্য অর্জন করে ইউনিয়ন পরিষদটি।
জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে প্রতি মাসে অন্তত ৫টি মামলা গ্রহণের লক্ষ্য নির্ধারিত রয়েছে। সে অনুযায়ী ছয় মাসে ৩০টি মামলা হওয়ার কথা থাকলেও রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মোট ৪০টি মামলা দায়ের হয়। এর মধ্যে ৩১টি মামলার নিষ্পত্তি সম্পন্ন করা হয়, যা জেলার মধ্যে সর্বোচ্চ বলে বিবেচিত হয়েছে।
এ বিষয়ে গত ১৩ মে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে “জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়” শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিয়নের কার্যক্রম মূল্যায়নের পর রাজাপুর সদর ইউনিয়ন পরিষদকে জেলার মধ্যে প্রথম স্থান ঘোষণা করা হয়। পরে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মাসুদ হাওলাদারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
স্থানীয়দের মতে, গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প খরচে ও দ্রুত সময়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, রাজাপুর সদর ইউনিয়নের এই অর্জন অন্যান্য ইউনিয়ন পরিষদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
আপনার মতামত লিখুন :