ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার


ঝালকাঠি প্রতিনিধি, নয়ন তালুকদার  প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার

ঝালকাঠি জেলা-এ গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে পরিত্যক্ত একটি গ্যারেজ থেকে প্রায় ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলার ভৈরবপাশা এলাকায় এ অভিযান পরিচালনা করে এনএসআই, উপজেলা প্রশাসন ও পুলিশের একটি যৌথ দল। সংশ্লিষ্ট সূত্র জানায়, ছোট প্রেমহার এলাকার আব্দুল খালেকের একটি গ্যারেজে সরকারি গম মজুত থাকার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে গ্যারেজের ভেতর থেকে ২২ বস্তা গম জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে গম ছিল বলে জানা গেছে।

নলছিটি থানার এসআই করণ কুমার বিশ্বাস জানান, বাজার এলাকায় একটি গ্যারেজে সরকারি গম মজুত থাকার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে এনএসআই ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে গমগুলো জব্দ করা হয়।

তিনি আরও জানান, গমগুলো কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত—তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।