
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের মতো ভোলা জেলার সব উপজেলা ভূমি অফিসে এ মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ভোলা সদর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা এস এম মশিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করবেন।
মেলায় অংশগ্রহণকারীরা সরাসরি উপস্থিত হয়ে অথবা দেশের যেকোনো স্থান থেকে অনলাইনে land.gov.bd ওয়েবসাইটে লগইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি আবেদনসহ বিভিন্ন ভূমিসেবা সহজেই গ্রহণ করতে পারবেন।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়, সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও সহজ ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :