প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন মো. নুরুল হক। তিনি বলেন, রাজনৈতিক পরিচয় নয়, বরং মানুষের বাস্তব দুর্ভোগ ও প্রয়োজন বিবেচনায় এনে এই কার্ড বিতরণ করা হচ্ছে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় গলাচিপা উপজেলা-এর চরবিশ্বাস ইউনিয়নের বুধবারিয়া বাজারে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক।
তিনি বলেন, “আমার নিজের লোকের সুবিধা-অসুবিধার চেয়ে যারা প্রকৃতপক্ষে কষ্টে আছেন, অসহায় অবস্থায় আছেন, তাদের সহায়তা করাই সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল লক্ষ্য। নির্বাচনের সময় অনেকেই আমাদের ডিস্টার্ব করেছে, কিন্তু আমরা সেসব বিবেচনায় নেইনি। রাজনৈতিক বিবেচনায় আমরা এ কার্ড দেই না।”
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে সবাইকে অন্তর্ভুক্ত করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, “সরকারি সামাজিক সুরক্ষা কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ড সবাই পাবে।”
গ্রামীণ অর্থনীতি সচল রাখতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় বেশ কয়েকটি খাল খননের প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে সংশ্লিষ্টদের শতভাগ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। অতীতে অল্প কাজ করে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ তুলে তিনি বলেন, “সরকারি টাকায় খাল খনন, স্কুল, ব্রিজ ও রাস্তা নির্মাণ হচ্ছে। এগুলো মানসম্পন্নভাবে হচ্ছে কি না, তা সচেতন নাগরিক হিসেবে সবাইকে নজর রাখতে হবে।”
তিনি আরও জানান, আগামী দুই বছরের মধ্যে গলাচিপা ও দশমিনা উপজেলার রাস্তাঘাট উন্নয়নে ব্যাপক কাজ করা হবে।
গলাচিপা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মো. আবু ইউসুফ, এসএম শাহজাদা, আবুজর মো. ইজাজুল হক, আসাদুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :