
ঝালকাঠীর নলছিটি উপজেলাে চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন এলজিইডি ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী জিএম শাহাবুদ্দিন এবং উপজেলা প্রকৌশলী আজিজুল হক।
শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় চলমান খনন কাজ সরেজমিনে ঘুরে দেখেন তারা। এ সময় স্থানীয় কৃষি ব্যবস্থার উন্নয়ন ও পানি প্রবাহ স্বাভাবিক করতে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন খালগুলো খনন না হওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে কৃষিকাজে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছিল। বিশেষ করে শুষ্ক মৌসুমে সেচ সংকটের কারণে কৃষকদের চাষাবাদে সমস্যায় পড়তে হতো। বর্তমানে খাল পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষিকাজ সহজ হবে বলে আশা প্রকাশ করেন তারা।
স্থানীয়রা আরও বলেন, সরকারের জলাধার ও খাল পুনরুদ্ধার উদ্যোগ গ্রামীণ কৃষি ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব প্রকল্প কৃষকের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা মনে করেন।
এ সময় সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন শীর্ষক প্রকল্পের (IPCP) আওতায় এলজিইডি, নলছিটি, ঝালকাঠীর বিভিন্ন খাল পুনঃখননের কাজ চলমান রয়েছে বলে জানা যায়। এর মধ্যে মল্লিকপুর থেকে তেরলা ব্রিজ পর্যন্ত কুদেরধন খাল, বচন বাড়ি খাল, বড় তালুকদার বাড়ি হয়ে মোনাই বাড়ি পর্যন্ত এবং চন্দ্রকান্দা বাজার থেকে ভরতকাঠি জিপিএস ও জুরকাঠী শাখা খাল অন্তর্ভুক্ত রয়েছে।
আপনার মতামত লিখুন :