গলাচিপায় মা-ছেলেসহ ৪ ইয়াবা কারবারী গ্রেপ্তার


আনোয়ার হোসেন, গলাচিপা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
গলাচিপায় মা-ছেলেসহ ৪ ইয়াবা কারবারী গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭ হাজার ২৯০ টাকা ও তিনটি মোবাইল ফোনসহ মা-ছেলেসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের চৌদ্দকানি গ্রামের গুরিন্দা বাজার সংলগ্ন মো. মিজানুর রহমান মিয়াজীর বসতঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি গ্রামের মো. মিজানুর রহমান মিয়াজীর স্ত্রী রোকেয়া বেগম (৪৭) ও ছেলে মো. ইমন মিয়াজী (২৩), মো. খালেক সর্দারের ছেলে মো. শাকিল সর্দার (১৯) এবং চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী গ্রামের মো. মাহবুব সিকদারের ছেলে মো. রিয়াজ মাহমুদ ইভান (২৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ইমন ঢাকায় বাসের হেল্পার হিসেবে কাজ করার সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। পরে সে নিজ গ্রামের বাড়িতে ফিরে মাদক কারবারের একটি চক্র গড়ে তোলে। অভিযোগ রয়েছে, ইমন স্থানীয়ভাবে মাদক সিন্ডিকেটের মূল হোতা হিসেবে পরিচিত এবং তার মা রোকেয়া বেগমও এই ব্যবসার সঙ্গে জড়িত।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলোন সিকদার বলেন, “গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

এদিকে, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করায় স্থানীয়রা পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং মাদক চক্র নির্মূলে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।