
পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই আয়োজনটি জেলার অন্যতম বৃহৎ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মুহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের আদর্শ কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে হৃদয়ে ধারণ করতে হবে। তাঁদের জীবনদর্শন ও সৃষ্টিশীলতা থেকে অনুপ্রেরণা নিয়ে আগামী প্রজন্মকে এগিয়ে নিতে হবে।
আজ সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-সচিব ও পটুয়াখালী পৌর প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির নাজমুল আহসানসহ বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বর্তমান জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ ও আয়োজনের প্রশংসা করেন এবং এমন সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে। রাত পর্যন্ত দর্শকরা অনুষ্ঠান উপভোগ করেন।
উপস্থিত সুধীজন ও সাধারণ দর্শকরা এই আয়োজনকে পটুয়াখালীর সাম্প্রতিক সময়ের অন্যতম সমৃদ্ধ সাংস্কৃতিক আয়োজন হিসেবে অভিহিত করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :