মেহেন্দিগঞ্জে সড়ক উন্নয়ন নিয়ে বিভ্রান্তি, সরেজমিনে গিয়ে প্রকৃত চিত্র তুলে ধরলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান


মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি, বিএম নাঈম মাহমুদ  প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে সড়ক উন্নয়ন নিয়ে বিভ্রান্তি, সরেজমিনে গিয়ে প্রকৃত চিত্র তুলে ধরলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট-উলানিয়া সড়কের উন্নয়ন কাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে অহিদ হাওলাদার নামে এক যুবকের বিরুদ্ধে। পরে বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, সড়কের কাজ নিয়ে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি স্থানীয়দের সামনে প্রকল্পের অগ্রগতি ও বাস্তব চিত্র তুলে ধরেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিন উদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম রাকিবসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উত্তর জেলা বিএনপির সদস্য জিয়া উদ্দিন সুজন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মাহমুদ খাঁন এবং উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলি মো. জামাল হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে অভিযোগকারী অহিদ হাওলাদার নিজের ভুল স্বীকার করে উপস্থিত সবার কাছে দুঃখ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে তথ্য প্রচারের আগে বাস্তবতা যাচাই করা জরুরি।