
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন। সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্স ও মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ, মানবিক ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করতে বিশ্বব্যাপী অন্তত আরও ১০ লাখ মিডওয়াইফের প্রয়োজন রয়েছে, যা স্বাস্থ্যখাতের ভবিষ্যৎ চাহিদাকে আরও স্পষ্ট করে তুলেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. আল-আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. নোমান পারভেজ, ডা. সালাহউদ্দিন মাহমুদসহ বিভিন্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। সভাপতির বক্তব্যে ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, “নার্স ও মিডওয়াইফরা স্বাস্থ্যসেবার অন্যতম চালিকাশক্তি। তাদের আন্তরিকতা, মানবিকতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।”
আলোচনা সভা শেষে নার্স ও মিডওয়াইফদের পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে তাদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাস্থ্যসেবায় নার্সিং পেশার গুরুত্ব আরও জোরদারের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :