
“দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন।
সোমবার সকাল ৯টায় পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় গলাচিপা উপজেলা ফারিয়া (ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন)-এর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফারিয়ার সভাপতি মো. জাহিদুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম আরিফ, ম্যানেজার ফোরামের সভাপতি মো. ফিরোজ খান, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন এবং সদস্য মো. হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা চিকিৎসকদের কাছে ওষুধের কার্যকারিতা, ব্যবহারবিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তথ্য পৌঁছে দিয়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সহায়তা করেন। পাশাপাশি ওষুধ সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তারা আরও অভিযোগ করেন, দায়িত্ব পালনের সময় অনেক ক্ষেত্রেই তাদের অসম্মানজনক আচরণ ও মানসিক হয়রানির শিকার হতে হয়। কখনও কখনও ‘দালাল’ হিসেবে আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয় করা হয়, যা তাদের পেশাগত মর্যাদার পরিপন্থী।
মানববন্ধন থেকে তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য সম্মানজনক পেশাগত স্বীকৃতি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং হয়রানি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান। একই সঙ্গে স্বাস্থ্যখাতের উন্নয়নে তাদের অবদান বিবেচনায় নিয়ে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
আপনার মতামত লিখুন :