অসহায় বৃদ্ধের চোখের জল মুছলেন ডিসি, পটুয়াখালীতে মানবিকতার অনন্য উদাহরণ


পটুয়াখালী প্রতিনিধি, মুহাম্মাদ রাকিব প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ
অসহায় বৃদ্ধের চোখের জল মুছলেন ডিসি, পটুয়াখালীতে মানবিকতার অনন্য উদাহরণ

পটুয়াখালীতে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সরকারি জমি অধিগ্রহণের দীর্ঘদিন আটকে থাকা টাকা হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ৭৮ বছর বয়সী বৃদ্ধ আবদুল খালেক।

“তিন বছর ধরে এই অফিসের বারান্দায় ঘুরেছি বাবা, কেউ ফিরেও তাকায়নি”—কাঁপা কাঁপা হাতে ৩৭ লাখ টাকার চেক জড়িয়ে ধরে এমনভাবেই আবেগে ভাসেন তিনি।

জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল খালেকের জমি ইপিজেড নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয়েছিল। কাগজপত্র ঠিক থাকলেও প্রশাসনিক জটিলতায় তার প্রাপ্য অর্থ দীর্ঘ তিন বছর ধরে আটকে ছিল।

সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ে অসহায় অবস্থায় তাকে দেখে কাছে ডাকেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বৃদ্ধের কষ্টের কথা শুনে তিনি তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দিনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর মাত্র এক সপ্তাহের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে আজ নিজ কার্যালয়ে ৩৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

চেক গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন আবদুল খালেক। তিনি বলেন, বহুদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলাম, আজ জীবনের শেষ বয়সে এসে একটু স্বস্তি পেলাম।

জেলা প্রশাসক জানান, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই প্রশাসনের প্রধান দায়িত্ব। কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

যোগদানের মাত্র ছয় মাসের মধ্যেই ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, পটুয়াখালীতে একজন দায়িত্বশীল ও মানবিক অভিভাবক পেয়েছে সাধারণ মানুষ।