
পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত শুক্রবার বিকেলে শহরের ঐতিহাসিক ডিসি স্কয়ার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আসা শতাধিক কিশোর-কিশোরী অংশ নেয়। প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও ক্রীড়া সংগঠকরা অনুষ্ঠানে অংশ নেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চা বা বিনোদনের মাধ্যম নয়, বরং এটি শিশু-কিশোরদের মানসিক দৃঢ়তা ও চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।
অভিভাবকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, সন্তানদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ পেলে দেশের তরুণরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করে বাংলাদেশের সুনাম বয়ে আনতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, তরুণ সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানের শেষাংশে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের হাতে মেডেল, ট্রফি ও সনদপত্র তুলে দেন অতিথিরা। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ক্ষুদে ক্রীড়াবিদরা।
আপনার মতামত লিখুন :