
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃষক-কৃষাণিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর বসু, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওমর সানি, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক, সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের সাধারণ সম্পাদক বিএম নাঈম মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পার্টনার ফিল্ড স্কুল কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি, কীটনাশকের সঠিক ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির কার্যকর কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে কৃষকেরা যেমন সচেতন হচ্ছেন, তেমনি কৃষি উৎপাদনেও ইতিবাচক পরিবর্তন আসছে।
বক্তারা আরও বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :