
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, প্রকৃত জেলেরা যেন সরকারি সুবিধা পান, তা নিশ্চিত করতে জেলেদের তালিকা পুনর্বিবেচনা (রিভাইস) করতে হবে। তিনি বলেন, যারা প্রকৃত জেলে নন, তাদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে এবং কোনোভাবেই তারা যেন এসব সুবিধার আওতায় না আসেন।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টায় পটুয়াখালীর গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে চলমান ১ হাজার জেলের মধ্যে ইলিশ আহরণে ব্যবহৃত জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “যারা প্রকৃত জেলে, তারাই যেন এই জাল পায়। অসহায় মানুষ, বিধবা, বয়স্কভাতা পাওয়া ব্যক্তি বা প্রকৃত সুবিধাভোগীরাই যেন সরকারি সহায়তা পান। কিন্তু যারা এই ক্যাটাগরিতে পড়ে না, তারা যেন কোনোভাবেই তালিকায় না থাকে।”
তিনি আরও বলেন, সুবিধাভোগীদের তালিকা যাচাই-বাছাই করে স্বচ্ছতা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলভাবে তালিকা হালনাগাদ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এবং সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা ও দশমিনা সার্কেল) মো. সৈয়দুজ্জামান, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির এবং জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও সরকারি সহায়তার সঠিক বণ্টন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
আপনার মতামত লিখুন :