
দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং তৃণমূল পর্যায়ে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে, ২০২৬) দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর সম্মেলন কক্ষে বরগুনা জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, পটুয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তৃণমূল পর্যায়ে দুপ্রক সদস্যদের ভূমিকা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষণ কর্মশালায় দুর্নীতি প্রতিরোধে করণীয়, দুর্নীতি দমন কমিশনের আইন-কানুন এবং জনসচেতনতা বৃদ্ধিতে কমিটির দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক জনাব তাপস বিশ্বাস এবং উপ-সহকারী পরিচালক খালিদ হোসাইন। তাঁরা অংশগ্রহণকারীদের বাস্তবমুখী দিকনির্দেশনা প্রদান করেন এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
উক্ত প্রশিক্ষণে বরগুনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে সাধারণ মানুষকে দুর্নীতির কুফল সম্পর্কে সচেতন করা এবং সততা সংঘের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুদকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তাঁরা বরগুনা জেলাকে দুর্নীতিমুক্ত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :