
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রুচিশীল খাবার ও মনোরম পরিবেশের সমন্বয়ে যাত্রা শুরু করেছে “ছোঁয়া ক্যাফে” কফি হাউজ। সোমবার (২৫ মে) সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের নলডাঙ্গা সড়ক সংলগ্ন জালাদুর মোড়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজা। তিনি স্থানীয় পর্যায়ে আধুনিক ও মানসম্মত খাবারের পরিবেশ তৈরির উদ্যোগকে স্বাগত জানান এবং উদ্যোক্তাদের সফলতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ড. মো. মশিউর রহমান (পিএইচডি ও পোস্টডক, টোকিও, জাপান), যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ফ্যাকাল্টি সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, পল্লী বিদ্যুৎ সাদুল্লাপুর জোনাল অফিসের ডিজিএম নূরুল শামসুল হুদা এবং সাদুল্লাপুর থানার প্রতিনিধি এসআই মো. আয়নাল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামোদরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ডা. মো. আলমগীর হোসেন, আজাহার আলী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানের শুরুতে পায়রা উড়িয়ে ও ফিতা কেটে ক্যাফেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। পরে প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন নিয়ামত নগর জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা খন্দকার জাহিদুল ইসলাম।
জানা গেছে, কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে গ্রামীণ পরিবেশে মানুষকে স্বস্তিদায়ক সময় উপহার দিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. গোলাম আজম মাসুদ “ছোঁয়া ক্যাফে” প্রতিষ্ঠা করেছেন। স্থানীয়দের আশা, ক্যাফেটি এলাকায় আধুনিক খাদ্যসংস্কৃতি ও বিনোদনের নতুন মাত্রা যোগ করবে।
আপনার মতামত লিখুন :