পাটগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


পাটগ্রাম প্রতিনিধি, মিনাজ ইসলাম প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
পাটগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লালমনিরহাটের পাটগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে আনারুল ইসলাম নাজুর কন্যা আফরোজ আক্তারসহ তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিকানা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বদরুল আলম মজুমদার।

রবিবার (২১ জুন) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, তিনি নুরুন্নবী ইসলামের কাছ থেকে মোট ১২.৩১ শতাংশ জমি ক্রয় করেন। পরে ওই জমির একটি অংশ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করার পর বর্তমানে তার মালিকানায় ৩.৩১ শতাংশ জমি অবশিষ্ট রয়েছে।

তিনি বলেন, মৌজা রসুলগঞ্জের বিএস খতিয়ান নং ১৬৬, মিউটেশন খতিয়ান নং ২৬৯১ এবং বিএস দাগ নং ৩০৪৩-এর এই জমি বর্তমানে তার দখলে থাকার কথা থাকলেও আদালতের ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও অভিযুক্তরা সেখানে অবৈধভাবে বেড়া দিয়ে দখল করে রেখেছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অভিযুক্ত পক্ষ আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলে রেখেছে, যা আইনের শাসনের প্রতি চরম অবমাননা। তিনি প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দখলকৃত জমি উদ্ধার করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, একজন আইনমান্যকারী নাগরিক হিসেবে তিনি শুধু তার ক্রয়কৃত সম্পত্তির বৈধ ভোগদখল নিশ্চিত করতে চান এবং এ বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।