
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা–এ পৃথক অভিযানে ৮৫৫ পিস ইয়াবা, নগদ অর্থ ও ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন রাত ৮টা ৪৫ মিনিটে উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের উল্লাগাড়ী গ্রামের একটি পরিত্যক্ত জমিতে অভিযান চালিয়ে নুর মোহাম্মদ হুমায়ুন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচটি প্যাকেটে রাখা মোট ৮৫৫ পিস গোলাপি রঙের ইয়াবা, একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৮৬ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পীরগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
একইদিন রাত সাড়ে ১০টার দিকে পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর এলাকায় পৃথক আরেক অভিযানে মো. মানিক মিয়া (৩৫) নামে আরও এক মাদক কারবারিকে ৩২ পিস ইয়াবাসহ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে লুঙ্গির ভাঁজে রাখা ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৯ হাজার ৬০০ টাকা বলে জানায় পুলিশ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :