নবাবগঞ্জে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা,চরম দুর্ভোগে সাধারণ মানুষ


মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ
নবাবগঞ্জে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা,চরম দুর্ভোগে সাধারণ মানুষ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দলারদর্গা টু নবাবগঞ্জ সড়কের কুন্দন এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কে হাঁটুসমান পানি জমে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকেরা।

সোমবার (২৫ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, কুন্দন এলাকার সড়কে কাদাযুক্ত বৃষ্টির পানি জমে রয়েছে। সড়কের দুই পাশে পুকুর ও বিভিন্ন স্থাপনা থাকায় পানি নিষ্কাশনের কোনো পথ নেই। ফলে বৃষ্টি হলেই বাজার ও আশপাশের পানি সড়কে জমে থাকে। কয়েক দিন ধরে পানি না নামায় কাদা ও পানিতে একাকার হয়ে যায় পুরো সড়ক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই এ সড়কে পানি জমে যায় এবং তা দ্রুত সরতে চায় না। বর্ষা মৌসুম এলেই দুর্ভোগ চরম আকার ধারণ করে। প্রতিদিন শতাধিক যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করলেও দীর্ঘদিন ধরে সমস্যাটির স্থায়ী সমাধান হয়নি।

ব্যাটারিচালিত ইজিবাইক চালক মো. নাসির বলেন, “নবাবগঞ্জে যাওয়ার সড়কে শুধু এই জায়গাটিতেই বেশি সমস্যা। একটু বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত পানি জমে যায়। পানি আর কাদায় একাকার হয়ে সড়কে চলাচল কঠিন হয়ে পড়ে। পানি জমে থাকার কারণে সড়ক বারবার খানাখন্দে পরিণত হচ্ছে।”

এক স্কুলশিক্ষার্থী জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির সময় সাইকেল চালিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে পড়ে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে।সরেজমিনে আরও দেখা যায়, পানির মধ্য দিয়ে যানবাহন চলাচলের সময় ছিটকে আসা কাদাপানি পথচারীদের শরীরে পড়ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

এলাকার সচেতন মহল দ্রুত সড়কের পাশে ড্রেন নির্মাণ এবং নবাবগঞ্জ-দলারদর্গা সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে মো. হোসেন আলী বলেন, “সড়কটির সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। জলাবদ্ধতার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”