এক্সপ্রেসওয়েতে হঠাৎ চলন্ত পিকআপে আগুন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
এক্সপ্রেসওয়েতে হঠাৎ চলন্ত পিকআপে আগুন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী রডবোঝাই একটি পিকআপ চলন্ত অবস্থায় হঠাৎ আগুনে দাউ দাউ করে জ্বলতে শুরু করে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সড়কে আতঙ্কের সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে এক্সপ্রেসওয়ের ওই অংশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ বিষয়ে দেওয়ান আজাদ হোসেন জানান, চলন্ত অবস্থায় পিকআপটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে পিকআপটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় এক্সপ্রেসওয়েতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।