
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করায় সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। একদিন বন্ধ থাকার পর সোমবার (২২ জুন) সকাল থেকে পর্যটনকেন্দ্রটি চালু করা হয়। চালুর পরপরই সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের ভিড় দেখা গেছে সাদাপাথরে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন বিষয়টি নিশ্চিত করে জানান, উজানের ঢলের পানি কমে যাওয়ায় বর্তমানে পর্যটকদের চলাচলের মতো পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তাই পর্যটনকেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হয়েছে।
এর আগে, গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নদীতে পানি বৃদ্ধি পায়। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে সাদাপাথর ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। প্রশাসন জানায়, বর্তমানে নৌকা চলাচল ও পর্যটকদের ভ্রমণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে নদীতে এখনো কিছুটা স্রোত থাকায় ভ্রমণের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো হয়েছে। নৌযানে অতিরিক্ত যাত্রী না তোলা, লাইফ জ্যাকেট ব্যবহার এবং নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। সাদা পাথর, স্বচ্ছ পানির ধারা ও পাহাড়ঘেরা পরিবেশ উপভোগ করতে প্রতি বছর দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এখানে ভিড় করেন।
আপনার মতামত লিখুন :