
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ঘর ভেঙে ভেসে গেছেন রুবেল মিয়া (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক। সোমবার (২২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল নতুনহাটি ও পুরানহাটির মাঝামাঝি খালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রুবেল মিয়া বড়দল পুরানহাটি গ্রামের বাসিন্দা বশিরুল হকের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল মিয়া জানান, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে উপজেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে বড়দল গ্রামের মধ্যবর্তী খালটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাঁধ উপচে পানি মাটিয়ান হাওরে প্রবেশ করতে শুরু করলে খালপাড়ের বেশ কয়েকটি বসতঘর ভাঙনের মুখে পড়ে। এ সময় রুবেলের পরিবারের সদস্যরা ঘরের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন।
পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন রুবেল মিয়াকে ঘরের পাশে একটি কুটিরের সঙ্গে রশি দিয়ে বাঁধা রাখা হয়েছিল। হঠাৎ প্রবল স্রোতে ঘরটি ভেঙে গেলে ঘরের অংশবিশেষের সঙ্গে তিনিও পানিতে ভেসে যান।
ঘটনার পরপরই স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সংবাদ লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। তবে তারা নৌকাযোগে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।
আপনার মতামত লিখুন :