দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর এপিএস হলেন লালমনিরহাটের উদ্যোক্তা আবুল বাশার সুমন


​লালমনিরহাট জেলা প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর এপিএস হলেন লালমনিরহাটের উদ্যোক্তা আবুল বাশার সুমন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লালমনিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাশার সুমন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ৯ম গ্রেডে তার এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নবনিযুক্ত এপিএস আবুল বাশার সুমন লালমনিরহাট চার্চ অব গড হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে তিনি বিবিএ (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট), এমবিএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।

ব্যবসায়িক ক্ষেত্রে তিনি নর্থ কিং রেস্টুরেন্ট, নর্থ কিং ইন আবাসিক হোটেল, সাগাইবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস (মিশনমোড় ও জজ কোর্ট শাখা), জেএনএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনস এবং মেডিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের স্বত্বাধিকারী। তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে জেলার শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় আবুল বাশার সুমন লালমনিরহাট ডায়াবেটিক সমিতি, রেড ক্রিসেন্ট সোসাইটি ও অভিযান সংঘের আজীবন সদস্য। এছাড়া তিনি লালমনিরহাট ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং লালমনিরহাট রোটারি ক্লাবের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় আবুল বাশার সুমন বলেন, “মাননীয় মন্ত্রী মহোদয় আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালনের চেষ্টা করব। লালমনিরহাটের মানুষের সেবা ও এলাকার উন্নয়নকে এগিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য।”

স্থানীয় একজন সফল তরুণ উদ্যোক্তার এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় জেলার সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে আনন্দের আমেজ বিরাজ করছে। অনেকেই আশা করছেন, এর মাধ্যমে স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।