আল্লাহ বিএনপির প্রতি অসন্তুষ্ট হয়েছেন: গোলাম পরওয়ার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
আল্লাহ বিএনপির প্রতি অসন্তুষ্ট হয়েছেন: গোলাম পরওয়ার

খুন, ধর্ষণ, গণভোটসহ বিভিন্ন ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

শনিবার (২৩ মে) ঝালকাঠি জেলার পূর্ব চাঁদকাঠীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “ক্ষমতাসীন দল বিএনপি এখন লুটপাটে ব্যস্ত। রাষ্ট্রের দিকে তাদের কোনো খেয়াল নেই। আগামী জুনে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডেকে গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধানের তফসিল কার্যকর করে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট সমাধানের দায়িত্ব বিএনপিকে নিতে হবে।”

তিনি আরও বলেন, গণভোট ইস্যুতে সংকট তৈরি হয়েছে বিএনপির অবস্থান পরিবর্তনের কারণে। তাঁর ভাষায়, “ঝামেলা তৈরি করেছে তারাই, এখন সমাধানও তাদেরই করতে হবে। বল এখন বিএনপির কোর্টে, আমাদের কোর্টে নেই। বিএনপিকে এখন দায়িত্বশীলভাবে খেলতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিলেও পরে সরকার গঠন করে সেই অবস্থান থেকে সরে এসেছে। তিনি বলেন, সংসদে এখন তারা গণভোটের বিরোধিতা করছে, যা জনগণের রায়ের প্রতি অবমাননা।

পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত আরেকটি রুকন সম্মেলনেও তিনি একই ধরনের বক্তব্য দেন। সেখানে তিনি দাবি করেন, বিএনপি গণভোটের বিষয়ে জনসমক্ষে এক ধরনের অবস্থান নিয়ে পরে ভিন্ন অবস্থান গ্রহণ করেছে, যা রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে আয়োজিত ওই সম্মেলনে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন। নেতারা বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে সংলাপ ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান প্রয়োজন।