রামিসার পর এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
রামিসার পর এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ

নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় ৬ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে একই এলাকার দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা হলো মনির হোসেনের ছেলে হিরো এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর রাতেই বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় অভিযুক্ত হিরোকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে অপর অভিযুক্ত সোহেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং এখনো পলাতক রয়েছে।

ভুক্তভোগী শিশুটিকে প্রথমে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বিকেলে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানান স্থানীয়রা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

এ বিষয়ে তারেক আল মেহেদী বলেন, ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত অভিযুক্তকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।