বিদ্যুতের তারে জড়িয়ে খামারির মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
বিদ্যুতের তারে জড়িয়ে খামারির মৃত্যু

ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হেকিম আলী (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে উপজেলার হাটিপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হেকিম আলী ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি মুরগির খামারে কাজ করতে যান হেকিম আলী। কাজ করার একপর্যায়ে খামারের ভেতরে থাকা লিকেজযুক্ত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, রাত হলেও হেকিম আলী বাড়িতে ফিরে না আসায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খামারে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে দ্রুত উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, খামার ও বিভিন্ন স্থাপনায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুতের লাইনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মো. নাজমুল হুদা খান বলেন, ঘটনাটি সম্পর্কে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।