বগুড়ায় পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
বগুড়ায় পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের বেতার শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম (৩৮)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে কোনো এক সময়ে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তিনি স্ত্রী রোমা বেগম ও দুই সন্তান রেখে গেছেন। তার বিপি নম্বর-৮৮০৭১২৭৪৮৫।

জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো একসময় পুলিশ লাইন্সের ভেতরে বেতার শাখায় কর্মরত অবস্থায় তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি সকালে জানাজানি হলে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে মরদেহ উদ্ধার করে নামানো হয় এবং ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশ লাইন্স এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।