এবার চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
এবার চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের হেফাজত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত বাকলিয়া থানার চাকতাই নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার একটি ডেকোরেশনের গুদামে চার বছরের শিশুটিকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। সেখানে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা জড়ো হয়ে অভিযুক্তকে আটক করে মারধর করেন।

খবর পেয়ে বাকলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। তবে তাকে একটি ভবনের ভেতরে রাখা হলে বিক্ষুব্ধ জনতা সেখানে ঘেরাও করে। একপর্যায়ে তারা দরজা-জানালা ভেঙে ভেতরে ঢুকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশ ও জনতার মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা পিকআপচালক এবং মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

ঘটনার পর নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, অতীতে এই ধরনের ঘটনার সঠিক বিচার না হওয়ায় মানুষের মনে ক্ষোভ জমেছে। তাই উত্তেজিত জনতা নিজেদের হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করেছিল। বাকলিয়া থানা-পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদে থানায় নিয়ে আসার চেষ্টা চলছে। একই সঙ্গে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কাজ করছে পুলিশ। এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।