এবার বসতঘরের সিলিংয়ে মিলল বিশাল অজগর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
এবার বসতঘরের সিলিংয়ে মিলল বিশাল অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাচাউন এলাকায় একটি বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাচাউন এলাকার বাসিন্দা খলিল মিয়া ভোরে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের নিয়ে ঘরের সিলিংয়ের বাঁশের ওপর বড় আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। হঠাৎ ঘরের ভেতরে সাপ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। এ সময় স্থানীয় কয়েকজন সাপটিকে মেরে ফেলার কথাও বলেন। পরে গ্রামের এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে উদ্ধার কার্যক্রম শুরু হয়।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের সময় বিশাল অজগরটি দেখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। পরে উদ্ধার করা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় পরিবেশকর্মীরা জানান, বনাঞ্চল সংলগ্ন এলাকায় খাবারের সন্ধানে মাঝে মধ্যেই বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানান তারা।