নারায়ণগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুর এলাকায় একটি স্টিল মিলে বয়লারে কাঁচামাল গলানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে দগ্ধ অবস্থায় তাদেরকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আহত শ্রমিকদের শরীরে সামান্য পরিমাণে দগ্ধ হয়েছে এবং তারা সবাই আশঙ্কামুক্ত।

তিনি জানান, দগ্ধদের মধ্যে মিজানের শরীরের ৩ শতাংশ, সুমনের ২ শতাংশ, মিলনের ৩ শতাংশ এবং উজ্জ্বলের ৩ শতাংশ অংশ পুড়ে গেছে। তাদের সবাইকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আহতদের সহকর্মী সজল জানান, তারা নারায়ণগঞ্জের রসুলপুর এলাকার চায়না স্টিল মিলে কাজ করেন। দুপুরে বয়লারে কাঁচামাল ঢালার কিছুক্ষণ পর হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় রোগীদের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তারা নিবিড় পর্যবেক্ষণে আছেন। ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।