চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন কার্যালয় থেকে মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন কার্যালয় থেকে মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই কার্যালয়ের সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করতেন এবং একজন ভারতীয় নাগরিক ছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে কার্যালয় থেকে খুলশী থানা-তে ফোন করে জানানো হয় যে একজন স্টাফ টয়লেটের দরজার সামনে পড়ে আছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কার্যালয় সূত্রে জানা গেছে, নরেন ধর ভারতের পাঞ্জাবের বাসিন্দা ছিলেন। তিনি ওই কার্যালয়ে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং রাতে একাই দায়িত্ব পালন করতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি রাতে কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।