মায়ের কাছে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
মায়ের কাছে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল মাজুখান এলাকায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সুনীল রবি দাস নামে এক যুবক। মঙ্গলবার (১৯ মে) দুপুরে মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ডের এই এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে ট্রেন আসার সময় হঠাৎ করে রেললাইনের ওপর ঝাঁপ দেন ওই যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা যায়।

ঘটনার পর রেললাইনের পাশে একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল— “মিস ইউ অল, ক্ষমা করে দিও মা”। এই বার্তাটি ঘিরে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সুনীল রবি দাস ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ পিয়ন পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা পরিচয়পত্র অনুযায়ী তার স্থায়ী ঠিকানা ঢাকায়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলেও জানা গেছে।