লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু


লালমনিরহাট প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।

মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

মেলার উদ্বোধনের আগে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি. আর. সারোয়ারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অডিটোরিয়ামে ভার্চুয়াল উদ্বোধনী বক্তব্য প্রদর্শনের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও ডিজিটাল করার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। ই-নামজারি ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের ফলে নাগরিকরা এখন ঘরে বসেই নানা ধরনের ভূমিসেবা পাচ্ছেন।

তিনি আরও বলেন, ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দালালচক্র প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিকরা প্রয়োজনে ১৬১২২ নম্বরে ফোন করে ভূমি সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর আবু ইমাম মো. রাশেদুন্নবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন, সিভিল সার্জন ড. আব্দুল হাকিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

মেলার প্রথম দিনেই সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শনার্থীরা ভূমি উন্নয়ন কর, খতিয়ান ও ই-নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ গ্রহণ করেন। আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।