লোহাগাড়ায় দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
লোহাগাড়ায় দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ

চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা ও ঘোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—কাইয়ুম শরিফ (১৯) ও মো. আকিব (২০)। তারা দুজনই পেশায় অটোরিকশাচালক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম ঘটনায় চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার কাইয়ুম শরিফ ঘোনার মোড় এলাকায় যাত্রী নামিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত হন। তার পিঠের বিভিন্ন স্থানে গুলি লাগে। তবে কারা হামলা চালিয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।

অন্যদিকে, বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার মো. আকিবের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের খাদ্যসামগ্রী পরিবহন করতেন। সম্প্রতি তিনি সেই কাজ করতে অস্বীকৃতি জানান। এর জেরে তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে তাদের অভিযোগ। গুলিতে তার হাত ও পেটে আঘাত লাগে।

স্থানীয়দের অভিযোগ, পাহাড়ঘেঁষা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও ভয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।