পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


পঞ্চগড় প্রতিনিধি, মার্শাদুল ইভেন প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার উজ্জ্বল কুমার শীল।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, সহ-সভাপতি সফিকুল আলম ও সামসুউদ্দীন চৌধুরী কালামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির ধারাবাহিকতায় কৃষকদের জন্য কৃষক কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৪ এপ্রিল এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধার আওতায় আসবেন বলে জানানো হয়।

এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃতপ্রায় ও ভরাট খাল এবং জলাধার পুনঃখননের কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ পরিবহন সুবিধা চালুর বিষয়েও আলোচনা করা হয়।

কৃষিঋণ মওকুফ প্রসঙ্গে জানানো হয়, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের আওতায় সারা দেশে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন এবং এ খাতে ব্যয় হয়েছে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।

জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, কৃষক কার্ড কর্মসূচি দেশের কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয় ব্যবস্থা, যার মাধ্যমে তারা এক ছাতার নিচে বিভিন্ন সরকারি সেবা পাবেন। পর্যায়ক্রমে সারা দেশে কৃষক কার্ড বিতরণ ও ডাটাবেজ তৈরির কাজ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।