সরকারের উন্নয়ন অগ্রযাত্রা বাস্তবায়ন: লালমনিরহাটে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং


স্টাফ রিপোর্টার, চঞ্চল প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
সরকারের উন্নয়ন অগ্রযাত্রা বাস্তবায়ন: লালমনিরহাটে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে লালমনিরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। তিনি বলেন, সরকারের ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ব্রিফিংয়ে জানানো হয়, নারীপ্রধান ও হতদরিদ্র পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি কৃষি খাতের আধুনিকায়নের লক্ষ্যে স্মার্ট কৃষক কার্ড বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে। এর মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কৃষিঋণের ভর্তুকি সহজভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণ সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

সভায় আরও জানানো হয়, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং নদী ও খাল খননের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জেলায় বাস্তবায়নাধীন রয়েছে।

জেলা প্রশাসক তার বক্তব্যে উন্নয়ন কার্যক্রম নিয়ে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সরকারের উন্নয়ন কার্যক্রম দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা তথ্য অফিসার সৌমিক রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।