ফেনীতে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নির্মাণাধীন বাড়ির মেঝের বালুর নিচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।
নিহত শিরিন আক্তার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকার সৌদি প্রবাসী মো. মানিক মিয়ার স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে পরিবারটি ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। সম্প্রতি তারা নিজস্ব জমিতে একটি বাড়ি নির্মাণ শুরু করেন। মঙ্গলবার বিকেলে শিরিন আক্তার নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে গেলে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ মেঝের বালুর নিচে লুকিয়ে রাখে বলে অভিযোগ উঠেছে।
নিহতের ছেলে রাজু জানান, বিকেলে তিনি মাকে বাসায় না পেয়ে নির্মাণাধীন বাড়িতে খুঁজতে যান। সেখানে গিয়ে সাইফুল নামের এক শ্রমিককে কাজ করতে দেখেন এবং মায়ের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বালুর নিচে খোঁজ করে তার মায়ের মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফৌজুল কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :