বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা নুর আলম এবং তার ছেলে নিরব। নুর আলম পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন। আহত ব্যক্তি আফজাল মিঠু, তিনি নুর আলমের ভাগিনা। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ফেনীতে ফিরছিলেন নুর আলম। পথে দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নুর আলম নিহত হন।

স্থানীয়রা গুরুতর আহত নিরব ও আফজাল মিঠুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই নিরবের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।